সীতাকুন্ডে পাটকল শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সমঝোতা
ঈদ বোনাস ও বেতনের দাবিতে বুধবার সকালে চারটি পাটকলের শ্রমিকরা সীতাকুন্ডে হাফিজ জুট মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে।
পড়ে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।
শ্রমিকরা আগামী ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেওয়ার চুড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে। কর্তৃপক্ষও তা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে।
সকাল সাতটায় এই অবরোধ শুরু হয়। সমঝোতা হয় ১০টার দিকে। অবরোধের সময় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।
সূত্র জানায়, পাটকল কর্পোরেশনের চারটি পাটকলের সিবিএ সমন্বয় পরিষদ ঈদের আগে তিন সপ্তাহের বেতন ও ঈদ বোনাসসহ আট দফা দাবিতে আন্দোলন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই দাবি আদায়ের জন্য আর আর জুট মিল, এম এম জুট মিল, গুল আহমদ জুট মিল ও হাফিজ জুট মিলের প্রায় তিন শতাধিক শ্রমিক সকাল ৭ টার দিকে হাফিজ জুট মিলের গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টেবিল ও টায়ার ফেলে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
এ পরিস্থিতিতে পাটকল করপোরেশনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মোজাম্মেল হক হাফিজ জুট মিলে শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে মোজাম্মেল হক আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বলে সিবিএ পরিষদের আহবায়ক তোফাজ্জল হোসেন জানান।
