পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০
যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন পুঠিয়া উপজেলার ভাংড়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বুধবার সকালে। আহত হন অন্তত ৪০ জন।
নিহত বাস চালকের নাম মো: আলম। তার বাড়ি নগরীর কাজলা এলাকায়। বাবার নাম আবদুর রহমান। নিহত অপরজন হলেন পবা উপজেলার হরিপুর এলাকার নতুন কসবা গ্রামের আফতাব উদ্দিন (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজশাহী অভিমুখী ভাইভাই পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শ্যামলী পরিবহনের বাস চালক।
আহত যাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আফতাব মারা যান।
আহতদের কয়েকজন হলেন সেনা বাহিনীর সুবেদার নজরুল ইসলাম, সেনা সদস্য আনোয়ার হোসেন, যাত্রী জাফরুল-উল-আলম, আহমদ আলী (৪০), জিয়াউর রহমান (৩০), আব্দুল গফুর (১৮), সুমাইয়া খাতুন (২৫), আব্দুল করিম (৩০), দীলিপ কুমার পাল (৩০), রতন কুমার পাল (৩০), আতাউর রহমান (২৮), উমাল কুমার পাল (২৮), আব্দুল জলিল (৩০), আমিনুল ইসলাম (৩০), দেলোয়ার হোসেন (২২), শাহীন এবং ভাইভাই পরিবহনের চালক বাবু (৩০)।
এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।
