‘জাপার নির্বাচন বিষয়ে মহাজোট সিদ্ধান্ত নেবে’
হুসাইন মুহাম্মদ এরশাদের প্রার্থীতা জটিলতার প্রেক্ষাপটে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহাজোট।
বুধবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে দেখা করার পর পার্টির শীর্ষ নেতা কাজী জাফর আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলু।
দুপুর আড়াইটা থেকে সোয়া ৩টা পর্যন্ত ওই দুই সাবেক মন্ত্রী নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গেও কথা বলেন।
কথা শেষে বেরিয়ে এসে কাজী জাফর আহমেদ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “এটি একটি সৌজন্য সাক্ষাৎ।”
এরশাদের প্রার্থীতা বাতিল হয়েছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওনার প্রার্থীতা বাতিল হওয়ার কোনো খবর আসেনি।”
চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না-প্রশ্নের জবাবে তিনি নির্বাচন কমিশন সচিবের বক্তব্য তুলে ধরে বলেন, “সচিব বলেছেন এ বিষয়ে কোনো খবর আসেনি।”
আদালত এরশাদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জাতীয় পার্টির ভূমিকা কি হতে পারে বিষয়ে তিনি বলেন, “সব কিছু জানার পর আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেতার বিরুদ্ধে একের পর এক অন্যায় করা হচ্ছে। এ জন্য জাপা নেতাকর্মীরা ক্ষুব্ধ।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এরশাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে কমিশনের কর্মকর্তারা দুপুরে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করতে হাইকোর্টে যান।
এরশাদের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার বিকেলে সাংবাদিকদের বলেন, “এটি সম্পূর্ণ রিটার্নিং অফিসারের বিষয়। কমিশনের নয়। মনোনয়ন বাতিল করা হলে তিনি আপিল করতে পারেন।”
এর আগে বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এরশাদের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কাগজপত্র আসলে তখন তারা বসে সিদ্ধান্ত নেবেন।
বুধবার ঢাকা-৫, রংপুর-৩, সিলেট-৩, লালমনিরহাট-৩ ও হবিগঞ্জ-৩ আসনে দাখিল করা এরশাদের ৫টি মনোনয়নপত্রই বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসাররা।
