নির্বাচনের সময় র্যাব মোতায়েনের চিন্তা করছে নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার কাজে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র্যাব) ব্যবহার করার কথা চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, “র্যাব আলাদা কোনো বাহিনী না। তারা পুলিশেরই একটি অংশ।”
১৪ দল নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার কাজে র্যাবকে ব্যবহার না করার অনুরোধ করেছিলো-এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “নির্বাচনের সময় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা কী সিদ্ধান্ত নেয় সেটা তাদের ব্যাপার।”
তিনি জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বুধবার তিন বাহিনীর প্রধান, বিডিআর, আনসার, কোস্ট গার্ড ও পুলিশ প্রধানদের একটি সমন্বয় সভা আছে। সেখানে অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমান পরিস্থিতির বিষয়ে ধারণা নেওয়া হবে।
মনোনয়ন পত্র জমাদান প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব বলেন,“আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছি। সারাদেশে সব দলের প্রার্থীরাই উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিচ্ছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। দু এক জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সত্য, তবে আমি আশা করি সবাই মিলে মিশে নির্বাচনে অংশ নেবে।”
ঋণ খেলাপিদের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য দেওয়া শুরু হয়েছে।”
এবারের নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে একটু কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে সচিব বলেন, “দুই জোটও বলেছে দেশি পর্যবেক্ষক বেশি হলে অনেক সময় নির্বাচনের সমস্যা হয়। দেশি পর্যবেক্ষকদের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে পারবেন। তবে ভ্রাম্যমান পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন সচিবালয়ে যোগাযোগ করে কাজ করতে হবে।”
বিদেশী পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, “ইউরোপীয় কমিশন এরই মধ্যে পর্যবেক্ষণের কাজ শুরু করেছে। এ ছাড়া এনডিআই, আইআরআই এবং ওআইসি নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে আবেদন করেছে।”
