২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন অমর্ত্য সেন

উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যসেবা খাতের চিত্র হতাশাজনক হলেও এক্ষেত্রে বাংলাদেশের অনেক ইতিবাচক অর্জন রয়েছে। বিশেষ করে জন্মহার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য উদাহরণ দেওয়ার মতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন মঙ্গলবার সকালে ঢাকার ব্র্যাক মিলনায়তনে “বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি ২০০৬” শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

অধ্যাপক সেন বলেন, “বাংলাদেশে জন্মহার অন্যান্য দেশের তুলনায় দ্রুত কমিয়ে আনা হয়েছে। গত তিন দশকে বাংলাদেশের ইতিবাচক অর্জনগুলোর মধ্যে দৃষ্টান্ত হিসেবে শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনার কথা বলা যায়।”

অধ্যাপক সেন এসব সাফল্যের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য বেসরকারি সংস্থার (এনজিও) ভূমকিার প্রশংসা করেন।

দারিদ্র্য এবং বৈষম্যের ব্যাপারে অমর্ত্য সেন বলেন, এক্ষেত্রে নিজস্ব সূচকের বিবেচনায় বাংলাদেশ এবং ভারত সন্তুষ্ট থাকার মতো অবস্থানে নেই। এক্ষেত্রে দুটি দেশের একটিকে অন্যটি থেকে আলাদা করা যায় না বলেও তিনি জানান।

প্রায় ৪০ মিনিট ধরে প্রধান অতিথির বক্তৃতায় অমর্ত্য সেন বড় একটা সময় ধরে চীন ও ভারতের উন্নয়নের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।

অমর্ত্য সেন বক্তব্য রাখার আগে অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রওনক জাহান “স্বাস্থ্যখাতে সমতা আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ” শীর্ষক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করে বলেন, “অনুসন্ধানে নতুন কোনও বিষয় উঠে না আসলেও আমাদের এসব ব্যাপারে সোচ্চার থাকা উচিত।”

রওনক জাহান বলেন, “প্রতিবেদনে বৈষম্য এবং জবাবদিহিতা– এ দুটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। সুশীল সমাজের অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব।”

স্বাস্থ্যখাতে জবাবদিহিতা না থাকায় বড় ধরনের সাফল্য সত্ত্বেও এ খাতটি খারাপ অবস্থায় রয়েছে বলে তিনি জানান। উন্নত স্বাস্থ্য সেবার ব্যাপারে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি তোলার উদ্যোগ নিলে এক্ষেত্রে জবাবদিহিতার উন্নয়ন ঘটবে বলে রওনক জাহান উল্লেখ করেন।

অধ্যাপক রওনক জাহান জীবনযাত্রার মান উন্নয়ন ও লিঙ্গবৈষম্য দূর করার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক সাফল্য অর্জিত হলেও পুষ্টি ও মৃত্যুহারের দিক থেকে নারী সমাজ এখনও আগের অবস্থায় রয়েছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওপেন সোসাইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জর্জ সরোস, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের আর্থিক সহযোগিতাকারী ফজলে হাসান আবেদ এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের আব্বাস ভূঁইয়া উপস্থিত ছিলেন।