২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র চলতে থাকলে জাপা নির্বাচনে নাও যেতে পারে: এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, “বর্তমানে আমার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলছে তাতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নাও নিতে পারে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে প্রায় দেড় ঘণ্টা বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, “আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে আমি নির্বাচনে অংশ না নিতে পারি। এ জন্য আমার দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আমি নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু আমাকে ঠেকানোর চেষ্টা চলছে।”

নির্বাচন বর্জন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “যেহেতু আমরা একটা মহাজোটে আছি তাই জোটের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।”

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয় সম্পর্কে এরশাদ বলেন, “সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আমার মামলা এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকলে পরবর্তী করণীয় কি হবে তা নিয়েও আমরা আলোচনা করেছি।”

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “এরশাদের কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।” তিনি তত্ত্বাবধায়ক সরকারকে যে কোনো চক্রান্ত থেকে বিরত থাকতে বলেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমরা নির্বাচনে যাব কিনা তা এখন নতুন করে চিন্তা করে দেখতে হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তের জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করছেন। তারা এখন মনোনয়ন পত্র জমা দেওয়ার কারণে নিজ এলাকায় অবস্থান করছেন।”

বুধবার অথবা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা মহাজোটের অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানান ওবায়দুল কাদের।

এরশাদের সঙ্গে আলোচনা ফলপ্রসু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটা ব্যাপার এখন পরিষ্কার যে এরশাদকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে।

এরশাদ মহাজোটে আছেন বলেই তার এই অবস্থা বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এরশাদ আজ চারদলে থাকলে এই অবস্থা হতো না।

অদৃশ্য সুতার টানে বঙ্গভবন এবং নির্বাচন কমিশন চলছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং এরশাদের সঙ্গে ছিলেন কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন বাবলু।