হরিণাকুণ্ডু হাজতে আসামির আত্মহত্যা
হরিণাকুণ্ডু উপজেলা থানা হাজতে মাহির আলী নামের এক চরমপন্থী আত্মহত্যা করেছে শনিবার রাতে।
ঘটনার কথা স্বীকার করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হাজতে রাখা হয়েছিল।
তিনি আরো বলেন, সে বাথরুমের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে তার কোনও সাড়া না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
মাহির (৩০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরশেদ মণ্ডলের ছেলে। খোরশেদপুর গ্রামের লোকজন শনিবার দুপুরে মাহিরকে ধরে পুলিশে সোপর্দ করে। তার স্বীকারোক্তি অনুসারে পুলিশ আগেই একটি কাটা রাইফেল উদ্ধার করেছে।
