সম্মিলিত সমন্বয় পরিষদের সারা দেশে দাবি দিবস পালন
দেশ, সংবিধান ও আদালত বাঁচাও দাবিতে এবং ড. কামাল হোসেনসহ দেশবরেণ্য আইনজীবীদের বিরুদ্ধে ভিত্তিহীন চার্জশিট দাখিলের প্রতিবাদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সারা দেশে রোববার দাবি দিবস পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সমন্বয় পরিষদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাধারণ সভা করে।
সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, পি সি গুহ, সুব্রত চৌধুরী, আবদুল হালিম, ইনায়েতুর রহিম, বশির আহমেদ, আজাহার উল¬াহ ভুইয়া ও এম এ মান্নান মোহন।
সভায় নেয়া সিদ্ধান্তে বলা হয়েছে, মিথ্যা ও কাল্পনিক অভিযোগে আইনজীবী নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক চার্জশিট দাখিল করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত এই চার্জশিট অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এতে আরো বলা হয়েছে, বিএনপি জামায়াত তাদের নীলনক্সা অনুযায়ী বিচার বিভাগকে দলীয়করণ ও দখলের হীন উদ্দেশে সুপরিকল্পিভাবে আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। দেশ, সংবিধান ও আদালত রক্ষায় আইনজীবী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সিদ্ধান্তে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঘটনার নেপথ্যের নায়ক বিএনপি জামায়াত নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে হবে।
সভায় দেয়া বক্তব্যে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, “দেশ আজ বিপন্ন। সংবিধান লংঘন করা হচ্ছে। রাষ্ট্রপতি সংবিধান লংঘন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। খাকি পোশাক পড়ে ক্ষমতা দখল করলে যদি তাকে ক্যু বলা হয় তাহলে রাষ্ট্রপতি সুট টাই পরে সিভিল ক্যু করে ক্ষমতা দখল করেছেন।”
তিনি আরও বলেন, “হাওয়া ভবনের সুতার টানে তত্ত্বাবধায়ক সরকার চলছে। দেশে এখন সাংবিধানিক সরকার অনুপস্থিত। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সাজানো নির্বাচন হতে যাচ্ছে। এই শক্তি সংবিধানকে লাইনচ্যুত করছে।”
এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবানে ঢাকা আইনজীবী সমিতি, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, নোয়াখালী, যশোর, কুমিল¬া, ময়মনসিংহ, টাঙ্গাইল, পটুয়াখালী, গাজীপুর, নারায়নগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, রংপুর, পাবনাসহ সারা দেশের আইনজীবী সমিতিগুলো সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে দাবি দিবস পালন করেছে বলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
