খালেদার নির্বাচন করার সিদ্ধান্তে সাভারে উচ্ছ্বাস
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাভার (ঢাকা-১২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়ায় দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতেই তারা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেন। শুক্রবার বিকেলেও নেতাকর্মীরা মিছিল করেছেন।
খালেদা জিয়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনোনয়নপত্রে স্বাক্ষর করে সেটি জমা দেয়ার জন্য সাভার উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকারের হাতে দেন।
রোববার আনন্দ মিছিল করে সাভার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জামাল উদ্দিন সরকার জানান।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সাভার উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. জামালউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক হাজী মো. কফিল উদ্দিন নির্বাচন কার্যালয় থেকে খালেদা জিয়ার নামে একটি ফরম সংগ্রহ করেন।
পরে বিএনপি চেয়াপার্সন সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাইদ্দিনকে তার কার্যালয়ে ডেকে নিয়ে তার সামনেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
খালেদা জিয়া ছাড়াও ঢাকা-১২ আসনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী দ্বীন ইসলাম, সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কফিল উদ্দিন, কৃষকলীগ নেতা সৈয়দ সাগীরুজ্জামান শফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রী লীনা চক্রবর্তী এবং সফিউদ্দিন মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অবশ্য এখন পর্যন্ত তাদের কেউ মনোনয়নপত্র জমা দেননি বলে নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান।
