২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা, ঝিনাইদহে তিন চরমপন্থী নিহত

বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারে তিন চরমপন্থী পাবনা ও ঝিনাইদহে নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি বন্দুক ও একটি পাইপগানসহ অর্ধ শতাধিক গুলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, র‌্যাব-১২ এর কমাণ্ডিং অফিসার ক্যাপ্টেন শফিকুর রহমান দাবি করেছেন, পাবনার আতইকুলা থানার যাত্রাপুরের একটি স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডারা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে তারা সেখানে হানা দেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে সংগঠনের আঞ্চলিক নেতা নজরুল ইসলাম তুফান (৩২) নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে চীনে তৈরি একটি একে-৪৭ রাইফেলসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত তুফানের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর বসির দাবি করেছেন, বৃহস্পতিবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল আলমডাঙ্গা উপজেলার শিবনগর গ্রাম থেকে তিন চরমপন্থীকে একটি বন্দুক, একটি পাইপগান ও নয় রাউন্ড গুলিসহ আটক করে।

তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী, র‌্যাবের ওই দলটি দুটি দলে বিভক্ত হয়ে আটক চরমপন্থীদের নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। রাত সাড়ে ১২টার দিকে একটি দল হরিণাকুন্ডু উপজেলার চটাকাবাড়িয়া পৌঁছলে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। প্রায় ১৫-২০ মিনিট ধরে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে তিতুমীর ওরফে রাজু (৩০) ও আব্দুস সবুর (৪৫) পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, নিহত তিতুমীরের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার বরিসখালি গ্রামে। তার বাবার নাম হোসেন আলি। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে।

আর সবুরের বাড়ি নারায়ণকান্দি গ্রামে। বাবার নাম কমরউদ্দিন। তার বিরুদ্ধে ৫টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।