র্যাবের হাতে আটক চরমপন্থী সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জে র্যাব সদস্যদের হাতে আটক আব্দুর রাজ্জাক (৪০) নামের এক চরমপন্থী দলের সদস্য অসুস্থ হয়ে শুক্রবার ভোরে হাসপাতালে মারা গেছেন বলে র্যাব ও পুলিশ দাবি করেছে।
নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি বেলকুচি উপজেলার সুবর্নসারা বাজার এলাকায়। তার বাবার নাম মৃত জামশের আলী মণ্ডল।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমাণ্ডার মেজর সৈয়দ সোহেল আহমদ দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার সুবর্নসারা বাজার থেকে আব্দুর রাজ্জাককে তারা আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধীরেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানান, অসুস্থ আবদুর রাজ্জাককে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ভর্তি করা হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। শুক্রবার ভোরে রাজ্জাক হাসপাতালে মারা যায়।
র্যাবের নির্যাতনেই রাজ্জাক অসুস্থ হয়ে পড়ে কী না এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, “র্যাব সদস্যদের শারীরিক নির্যাতনে রাজ্জাক অসুস্থ হয়ে পড়তে পারে। র্যাব সদস্যরা আমাদের কাছে অসুস্থ রাজ্জাককে সোপর্দ করেছিল।”
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মের আরও কয়েকটি মামলা ছিল। এ ছাড়া রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত পূর্ববংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
