২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে গেলেন জাকারিয়া?

আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার ছুটি কি শুরু হয়ে গেছে? এ প্রশ্নের উত্তর দিতে পারতেন যারা তারা নিরুত্তর। তবে উপদেষ্টাদের টানা তিনদিনের বৈঠকের পর নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার জাকারিয়ার দিনভর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তরটি ইতিবাচক বলেই মনে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আরেকটি প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন, “কোনো কমিশনার ছুটিতে গেলে সিইসিকে জানাতে হয়, কিন্তু এ বিষয়টি আমি জানি না। আমি কোনো ছুটির কাগজ পাইনি।” তিনি বলেন, “অফিস না করার অনেক কারণ থাকতে পারে তাঁর। তিনি অসুস্থ হতে পারেন, আরও অনেক কিছুই হতে পারে। এ ছাড়া তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগও হয়নি। আমি নিজেও এ বিষয়ে কোনো খোঁজখবর নিইনি।”

বুধবার রাতে টেলিভিশনে দেওয়া তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের বক্তব্য উদ্ধৃত করে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “গত রাতে টেলিভিশনে দেখলাম তাঁকে ছুটিতে যাওয়ার জন্য উপদেষ্টারা অনুরোধ করবেন। কিন্তু আদৌ এ অনুরোধ করা হয়েছে কি না, তা জানি না। ছুটিতে যাওয়ার প্রশ্নটি স ম জাকারিয়ার ব্যক্তিগত ব্যপার।”

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার পরপরই ভারপ্রাপ্ত সিইসি এবং অপর তিন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম যথারীতি অফিসে আসেন। অন্যদিন স ম জাকারিয়া সকাল ৯টার মধ্যেই অফিসে চলে আসেন।

দুপুর ১২ টার দিকে কমিশন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকে জাকারিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “জাকারিয়া নিজেই ছুটিতে যেতে আগ্রহী। আজকালের মধ্যেই তিনি ছুটিতে যাবেন।”

জাকারিয়ার ব্যক্তিগত কর্মকর্তা সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, স ম জাকারিয়া সকাল থেকে অফিসে কোনো টেলিফোনও করেননি। তার অফিস করা, না করা, ছুটিতে যাওয়ার বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।

তবে সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে স ম জাকারিয়ার সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে একটি সুত্র জানায়। কমিশনে তাঁর অনুপস্থিতির বিষয়ে দুপুরে বেসরকারি টেলিভিশনগুলোর সংবাদ দেখে তিনি বেলা ২ টার দিকে সচিবকে টেলিফোন করেন। স ম জাকারিয়া কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে সচিবের সঙ্গে আলাপ করেন বলে জানা গেছে।

বিকাল ৩ টার দিকে ইউরোপিয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পাঁচ সদস্যর একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাত করেন। আধা ঘণ্টার সাক্ষাত শেষে দলনেতা স্টিফেন আলেকজান্ডার সংবাদ সম্মেলনের বাইরে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

পরে এ বিষয়ে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, এটি বিদেশী পর্যবেক্ষকদের একটি অগ্রবর্তী দল। নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচন প্রস্তুতির বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন, “২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ নির্বাচন পেছানো সম্ভব নয়। বুধবার ঘোষিত তফসিলই নবম জাতীয় নির্বাচনের জন্য শেষ তফসিল।”

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের তফসিল প্রত্যাখান, ভোটার তালিকার বিষয়ে তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নির্বাচন দেড় মাস পেছোনো-ইত্যাদি বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “তাদের সুবিধার কথা চিন্তা করেই তো তফসিলে পরিবর্তন আনা হয়েছে। ভোটার তালিকার বিসয়ে অভিযোগ তো আসবেই। আমরা তো চেষ্টা করেছি; বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এটি সশোধন চলবে।”

তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, “সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নির্বাচন পেছাতে হবে কেন? এখন কি কোনো দুর্যোগ হয়েছে? কোন তুফান হয়েছে? কোন সুনামি হয়েছে?”

এদিকে মহাজোটের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিনভর পুলিশ, অতিরিক্ত পুলিশ, বিডিআরের পাশাপাশি সেনা সদস্যরা টহল অব্যাহত ছিল।