২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা জলিল গ্রেপ্তার, তিন পুলিশসহ ২০জন আহত

পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে রাজধানীসহ বৃহস্পতিবার সারা দেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সংঘর্ষে পুলিশের সহকারী কমিশনার গিয়াস উদ্দিন রিমন এবং কনস্টেবল ইমরান হোসেন ও হুমায়ুন কবির এবং ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

নগরীর শ্যামলিতে হরতাল সমর্থকদের সাথে সকালে ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশের ‘ব্যাকআপ ফোর্স’ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা পিকেটারদের ধাওয়া করেছে। ১৯৯০ সালের নভেম্বরের পর এই প্রথম ঢাকার রাস্তায় হরতাল সমর্থকদের ঠেকাতে সেনা সদস্যদের ব্যবহার করা হল।

এসময় শ্যামলি থেকে বাংলাদেশ কৃষক লীগ সভাপতি মীর্জা আবদুল জলিল এবং তার ব্যক্তিগত সহকারী নাঈমুল হক, এপিএস আব্দুল বারেক, কর্মী এরশাদ হোসেন, কবির আহম্মেদ, হুমায়ুন কবির, সেকান্দার আলী ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টি ও এলডিপিসহ মহাঐক্যজোট দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মীর্জা জলিলসহ নেতা-কর্মীরা মিছিলসহ অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ শ্যামলী রিং রোডের কাছে তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় পিকেটাররা সেনাবাহিনীর একটি টহল জিপকে ধাওয়া করে এবং সিনেমা হলের সামনে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে এগারোটা থেকে প্রায় ১২ টা পর্যন্ত রাজধানীর শ্যামলি ও এর পশ্চিম দিকের গোল্ডেন রোড , শ্যামলি পিসি কালচার হাউজিং সোসাইটি, বায়তুল আমান হাউজিং সোসাইটির আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পিকেটারদের ছোঁড়া ইট ও বোতলের টুকরায় ঢেকে যায় পিচঢালা পথ। জবাবে পুলিশ কমপক্ষে অর্ধশত রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এসময় হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। আগুন দেয় পুলিশ ভ্যানে।

এছাড়া মিরপুর ও মহাখালি এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুরো ঢাকাতেই বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হরতাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার রাজধানীসহ সারাদেশে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে। স্বশস্ত্র সেনা সদস্যরা দিনভর টহল দেয় গোটা রাজধানী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক পাড়া ও বিভিন্ন সড়কের পাশেও তাদের অবস্থা দেখা যায় দিনভর।

অপরদিকে রাজধানীর ৩৬টি জায়গায় হরতালের কর্মী-সমর্থকেরা অবস্থান নেয়। হরতালে রিক্সাসহ অন্যান্য যানবাহন চলতে না দেওয়ার ঘোষণা দেওয়া হলেও সকাল থেকেই রাস্তায় রিক্সা চলাচল করছে। হাতে গোনা কয়েকটি বাসও চলাচল করে। বেশ কিছু ট্রেন চলাচল করতে দেখা গেলেও সেগুলো ছিল যাত্রীশূন্য। তবে লঞ্চ চলাচল করতে দেখা যায়নি।

হরতালের সমর্থনে মহানগর ১৪ দল, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করে। এছাড়া হরতাল সমর্থনকারী জাতীয় পার্টি এবং এলডিপিসহ সহযোগি অন্যান্য রাজনৈতিক দলগুলো আলাদাভাবে কর্মসূচি পালন করে।