প্যাকেজ প্রস্তাবে কি আছে না জেনেও পুরোটা মানা হয়েছে বলে মঈনউদ্দিনের দাবি
শিল্প উপদেষ্টা মঈনউদ্দিন খান প্যাকেজ প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন। অবশ্য মঈনউদ্দিন এখনও ওই প্রস্তাবের বিষয়গুলো জানেন না।
বৃহস্পতিবার মঈনউদ্দিন সাংবাদিকদের বলেন, “প্যাকেজ প্রস্তাবে কি আছে তা জানি না। আগে যারা ছিলেন তারা বলে যাননি প্যাকেজ প্রস্তাবে কি আছে। তবে নিশ্চয়ই প্যাকেজ প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন হয়েছে। আলোচনা করেই এ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শপথ গ্রহণের পর এটাই তাদের বড় ধরনের সিদ্ধান্ত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মঈনউদ্দিন খান।
প্যাকেজ প্রস্তাবের এ বাস্তবায়নকে ১৪ দলের প্রত্যাখ্যান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “প্যাকেজ বাস্তবায়নের বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে ১৪ দলের আরও সময় লাগবে।”
উপদেষ্টা বলেন, প্যাকেজ প্রস্তাব নিয়ে আমরা উদার ভাবে আলোচনা করেছি। নির্বাচনের তফসিল পুননির্ধারণ, কেন্দ্র এবং মাঠ প্রশাসনে রদবদল, নির্বাচন কমিশন পুর্ণগঠন, নির্বাচন কমিশনারকে ছুটিতে পাঠানোসহ অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৪ দলের নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে তিনি জানান, “তাদের সঙ্গে আলোচনা চলছে। ১৪ দল যে প্রত্যাখ্যান করেছে এ বিষয়ে বলেন, নিরাশ হওয়ার কিছু নেই। রাজনীতিতে অনেক মারপ্যাঁচ থাকে।”
রাস্তায় সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মঈনউদ্দিন বলেন, “হরতালে অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য সতর্কতামূলক ব্যাবস্থা হিসেবে সেনাবাহিনী সক্রিয় রাখা হয়েছে। রাস্তায় তারা থাকলে এখনও কোনো অ্যাকশনে যায়নি। সেনাবাহিনী আমাদের সহায়ক শক্তি বলে তাদের উপস্থিতিই যথেষ্ট।”
সেনা মোতায়েন ও প্যাকেজ প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন না করার জন্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতিবাদে চার উপদেষ্টা আকবর আলি খান, সি মে শফি সামি, সুলতান কামাল এবং হাসান মশহুদ চৌধুরী গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন।
এর পরদিনই মইনউদ্দিন আহমেদ, রুহুল আলম চৌধুরী, সফিকুল হক চৌধুরী এবং শোয়েব আহমেদ এ চারজনকে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
