২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জেএমবি’র এহসার সদস্য গ্রেপ্তার

জয়দেবপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে গাজীপুর কারাগার এলাকা থেকে তালিমুল হোসেন (২১) নামে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক ইহসার সদস্যকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পুলিশের দাবি, সে জেএমবি’র সংগঠিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তাকে গতকাল গাজীপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ড চাওয়া হয়। ম্যাজিস্ট্রেট রওনক জাহান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তালিমুল জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ক্যাশিয়ার তৈয়বুর রহমান হাসানের ছোট ভাই। তার বাবার নাম হাফেজ আবু তাহের। বাড়ি জামালপুরের খলিফাপাড়ায় শায়খ রহমানের বাড়ির পাশে।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, দুপুরে সে দুই সহযোগী তাসনিম (২৩) ও সোয়েব (২২) কে সঙ্গে নিয়ে গাজীপুর কারাগারে বন্দি তিন জেএমবি সদস্য তৈয়বুর রহমান হাসান, সাইদুর মুন্সী ইমন ও হোসনে আরা স্বপ্নাকে কিছু জিনিষ দিতে এসেছিল। এ ব্যাপারে সন্দেহ হওয়ায় কারা কর্তৃপক্ষ ঘটনাটি জয়দেবপুর থানাকে জানালে দারোগা মামুনুর রশীদ এসে তালিমুলকে গ্রেপ্তার করেন।

এ সময় তাসনিম ও সোয়েব পালিয়ে যায়।

দারোগা জানিয়েছেন তালিমুলকে নিয়ে রাতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।