রায়ের বিরুদ্ধে আবেদন করার অনুমতি পেলেন এরশাদ
জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দুই বছরের কারাদণ্ড বহাল রাখার বিরুদ্ধে আবেদন করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীন এই অনুমতি দেন। এতে এরশাদকে নিম্ন আদালতে আত্মসমর্পন করে আপিল করতে হবে না বলে এরশাদের কৌঁসুলীরা সাংবাদিকদের জানান।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীনের আদালতে এরশাদের আইনজীবী আজমালুল হোসেন সকাল সাড়ে ১০ টায় বলেন, আপিল দায়েরের জন্য এফিডেভিট করার অনুমতির জন্য এসেছি।
আদালতের অনুমতির পর আজমালুল হোসেন সাংবাদিকদের বলেন, এফিডেভিট করার অনুমতি হয়ে যাওয়ায় নিম্ন আদালতে আর আত্মসমর্পন করার প্রয়োজন হবেনা।
এরশাদের কৌঁসুলি শেখ সিরাজ বলেন, আজই এফিডেভিট করা হবে। তিনি বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ লিভ আবেদন দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা পরিস্কার বলতে চাই, এরশাদকে আর নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে না।”
তবে রাষ্ট্রপক্ষের কৌসুলী অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান বলেন, এরশাদকে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে।
গত ১৪ ডিসেম্বর জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের আবেদন খারিজ করে দেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। এ মামলায় বিচার আদালতে দেওয়া তিন বছরের সাজা কমিয়ে হাইকোর্ট দুই বছর বহাল রাখে।
জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ ২০ টি নৌযান ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় কেনার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতিসাধন করেছেন। ১৯৯১ সালের ২২ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক এ কে এম হোসেন।
