নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই: ভারপ্রাপ্ত সিইসি
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বলেছেন, “আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে।”
মঙ্গলবার দুপুর দেড়টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত সিইসি আরও বলেন, “সাংবিধানিক বাধ্যবাধকতা এড়ানোর জন্য সংবিধান সংশোধন করতে গেলে সংসদ অধিবেশন থাকতে হয়। কিন্তু এখন সংসদ নেই।”
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (২১ ডিসেম্বর) ১৪ দল ও অন্যান্য রাজনৈতিক দল হরতাল ডাকায় বিষয়টি বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,“আমি কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করবো না। আমরা নিজস্ব গতিতে চলছি। নির্বাচনের প্রস্তুতি চলছে।”
২১ ডিসেম্বরের হরতাল প্রসঙ্গে মাহফুজুর রহমান মঙ্গলবার চারদলের মহাসমাবেশকে ইঙ্গিত করে আরও বলেন, “এক দল হরতাল দিয়েছে, আরেক দল আজকে কি বলে দেখা যাক। আমাদের নির্বাচনী অফিস তো সারা দেশেই আছে। হরতাল তো আর অফিসের ভেতরে নেই।”
বড় বড় দলকে বাদ দিয়ে কি নির্বাচন হতে পারে-এ প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন,“আমাদের প্রস্তুতি তো আমরা নেবোই। ভবিষ্যতের কথা বলতে পারি না। তবে আমি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব দল এবং দেশবাসীর সহযোগিতা চাই।”
নির্বাচনের আগেই সমস্যার সমাধান হয়ে যাবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আশাবাদী, উপদেষ্টা সফিকুল হক চৌধুরী তো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।”
এরই মধ্যে আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নির্বাচন দেড় মাস পেছানোর দাবি তুলেছে। এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “এটি একটি জটিল প্রশ্ন, নো কমেন্ট।”
দুজন কমিশনারের ছুটিতে যাওয়া এবং আরও দুজন নতুন কমিশনার নিয়োগ করা সংক্রান্ত গুচ্ছ প্রস্তাবের বিষয়ে মাহফুজুর রহমান স্পষ্ট কোনো জবাব দেননি। তিনি বলেন, “এগুলো যাঁর বিষয়, আপনারা এ সব প্রশ্ন তাঁকে জিজ্ঞাসা করবেন। বঙ্গভবনের সঙ্গে আমার কোনো কথা হয়নি।”
কমিশন রাজনৈতিক জটিল পরিস্থিতি মোকাবিলা করবে কিভাবে, জানতে চাওয়া হলে তিনি বলেন, “লেট আস ওয়েট অ্যান্ড সি।”
আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য কমিশন কোনো উদ্যোগ নেবে কি না-প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “এ জন্য যাঁরা কাজ করবেন, তাদের উদ্যোগ নিতে বলুন। আমাদের পক্ষ থেকে এখনো কোনো চিন্তা-ভাবনা করছি না। দেখা যাক, কি হয়।”
