যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পালিয়েছে
ঢাকা থেকে বরিশাল নেওয়ার পথে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিজ উদ্দিন মৃধা সোমবার সকালে স্টিমার থেকে পালিয়ে গেছে।
সকাল পৌনে ৭টার দিকে স্টিমার পিএস লেপচা থেকে মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সে।
তার বাড়ি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেছেন, চার কন্সটেবল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিন আসামীকে নিয়ে রোববার সন্ধ্যায় বরিশালের উদ্দেশে রওনা দেয়।
সোমবার সকালে শফিজ টয়লেটে যাওয়ার কথা বলে হঠাৎ নদীতে ঝাঁপ দেয়। এ সময় তাকে ধরার জন্য নদীতে ঝাঁপ দেন পুলিশ কন্সটেবল দেলোয়ারও। মেহেন্দীগঞ্জ থানা পুলিশ সকালে দেলোয়ারকে গজারিয়া নদীর পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেও শফিজের কোনো খোঁজ পাওয়া যাযনি।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিজসহ অপর দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
ডান্ডাবেরি পড়া অবস্থায় নদীতে ঝাঁপ দেয়ার কারণে তার মৃত্যুও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
