লক্ষাধিক নিরপেক্ষ লোক নিয়োগের ওপর ভারপ্রাপ্ত সিইসির গুরুত্ব আরোপ
আসন্ন নির্বাচনে এক লাখেরও বেশি নিরপেক্ষ লোক নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সোমবার নির্বাচন সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির ভাষণে তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও দেন।
২২ জানুয়ারি নির্বাচন করে গণতন্ত্রের আরেকটি বিজয় জাতিকে উপহার দেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধণ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধার মুখোমুখি হয়েছি। তারপরও নির্ভুল ভোটার তালিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এক লাখেরও বেশি লোক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রয়োজনে অতিরিক্ত লোকবলের একটি প্যানেল তৈরি করে সেখান থেকে লোক নিয়োগ করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে কোনো প্রার্থী কিংবা অন্য কোনো পক্ষের অভিযোগ অনুযোগ নেই কেবল এমন লোককেই আপনারা নিয়োগ দিন।”
