শিশুর উন্নয়নে প্রয়োজন নারীর ক্ষমতায়ন: ইউনিসেফ
লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়ন শিশুদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে সোমবার ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০০৭’ শীর্ষক ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, “লৈঙ্গিক সমতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিশুর বিকাশে সহায়তা করে। নারী ও শিশুর উন্নয়নের বিষয়টি পরস্পর সম্পর্কযুক্ত। এজন্য নারীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ ছাড়া শিশুদের জীবনমানের উন্নয়ন দুরূহ হয়ে পড়ে।”
প্রতিবেদনে আরও বলা হয়, লৈঙ্গিক সমতা বিধান নারী ও শিশু উভয়ের জন্যই সুবিধা সৃষ্টি করে এবং এটি পরিবারের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৬২ শতাংশ নারী স্বামীর দ্বারা শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার হন।
প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুইস জর্জেস আর্সেনল্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।
আর্সেনল্ট বলেন, “যখন কোনো সমাজে নারীর প্রতি বৈষম্য করা হয়, তখন সেখানে স্বাভাবিকভাবে শিশুদেরও বৈষম্যের শিকার হতে হয়। পরিবার ও রাজনীতিতে নারীর সমানাধিকার শিশুদের ওপরও সরাসরি এবং ইতিবাচক প্রভাব ফেলে।”
ইউনিসেফের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ পুরুষ মনে করেন উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া উচিত।
এতে আরও দেখা গেছে, প্রতি তিনজন স্বামীর মধ্যে একজন ঘরের দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রে একক সিদ্ধান্ত নেন। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নিজেদের সিদ্ধান্ত বহাল রাখেন বাংলাদেশের প্রায় অর্ধেক স্বামী। বাংলাদেশ, ভারত, পাকিস্তাসসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্ধেকের বেশি পুরুষ চাকরি ক্ষেত্রে নারীদের তুলনায় তাদের নিজেদের বেশি অধিকার রয়েছে বলে মনে করেন।
অনুষ্ঠানে ইউনিসেফের সহায়তায় পরিচালিত কিশোরী অভিযান প্রকল্পের সদস্য সুমী আকতার এবং আমেনা বেগম তাদের জীবন সংগ্রামের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন।
