বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ
ঢাকা বিভাগের পাঁচ জেলার ৩৩টি আসনের জন্য ১৭৯ জনের সাক্ষাৎকার নেওয়ার মধ্যদিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে সোমবার।
শেষ দিনে চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে ১১ সদস্যের সংসদীয় বোর্ডে ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিদিনের মতো এই সাক্ষাৎকার নেওয়া হয় বনানীর হাওয়া ভবনে।
মাঝখানে বিরতি দিয়ে মোট আটদিন ধরে তিন শ’ আসনের মধ্যে ২৫৬টি আসনে মনোনয়ন পেতে ইচ্ছুক মোট ১ হাজার ৬৫৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।
তবে শরিকদল জামায়াতে ইসলামীর জন্য মাদারীপুর-১ আসনটি সংরক্ষিত থাকায় এ আসনের জন্য কারো সাক্ষাৎকার নেওয়া হয়নি।
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সাক্ষাৎকার গ্রহণ শেষে চেয়ারপার্সন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে আসন বণ্টনের বিষয়টি ফয়সালা করবেন।
তিনি আরও বলেন, ৩০০ আসনেই চারদলীয় জোট প্রার্থী দেবে। যাকে মনোনয়ন দেয়া হবে তার সঙ্গেই অন্যদের কাজ করতে হবে।
প্রতিদিনের সাক্ষাৎকারে খালেদা জিয়া এ বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন বলে তিনি জানান।
