চট্টগ্রামে চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দু’টির জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন রোববার বিকেলে অভিযান চালিয়ে নগরীর চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। এছাড়া দু’টি সেন্টারের জরিমানা করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।
সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সারোয়ারা জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, লেবেলবিহীন কেমিক্যাল ও মরিচা পড়া বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি এক্সরে, ডার্ক ও কালেকশন রুম অপরিচ্ছন্ন রাখার জন্য চার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও দু’টির জরিমানা করা হয়।
বন্ধ করে দেওয়া সেন্টারগুলো হচ্ছে ম্যাগনাম, ল্যাব ওয়ান, মাইক্রোল্যাব এবং সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার। তবে জরিমানা করা সেন্টার দুটির নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
অভিযান চলানোর সময় দেখা যায়, বেশকিছু ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনিশিয়ানদের প্রয়োজনীয় কোনো প্রশিক্ষণ নেই।
