২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গার অভাবে ৯০ ভাগ মুক্তিযুদ্ধের নিদর্শনই থাকে চোখের আড়ালে

নিজেদের সংগ্রহ করা মুক্তিযুদ্ধের নিদর্শনের শতকরা ১০ ভাগও এখন প্রদর্শন করতে পারে না মুক্তিযুদ্ধ জাদুঘর। কারণ? কারণ ঠাঁই নেই।

প্রদীপ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেওয়ার ৩৫ বছর পরেও এদেশে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হয়নি। রাজনৈতিক পালাবদল আর পট পরিবর্তনে সরকার এসেছে-চলে গেছে; কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি পরের প্রজন্মকে জানিয়ে দেওয়ার গুরুত্ব অনুভব করেনি কেউ।

স্বাধীনতার ২৫ বছর পর ১৯৯৬ সালের ২২ মার্চ বেসরকারি উদ্যোগে সীমিত পরিসরে সেগুনবাগিচার একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠা করা হয় বর্তমান মুক্তিযুদ্ধ জাদুঘর।

২০০৬ সালের ১৫ মার্চ পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘর ১৪ হাজার ৭শ’ ১৯টি স্মারক সংগ্রহ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ৩ হাজার ৩শ’ ৩৬টি আলোকচিত্র, ৭ হাজার ৭শ’ ৩৮টি বিভিন্ন পত্রপত্রিকার কাটিং, ২ হাজার ১টি দলিল এবং শহীদ, যোদ্ধা ও গণতান্ত্রিক সংগ্রামে ব্যবহৃত ১ হাজার ৬শ’ ৪৪টি সামগ্রী। কিন্তু জায়গার অভাবে বর্তমানে মাত্র ১ হাজার ৩শ’ ৫টি স্মারক প্রদর্শন করা সম্ভব হচ্ছে। ফলে বেশির ভাগ স্মারক থেকে যাচ্ছে মানুষের দৃষ্টির আড়ালে।

পৃথিবীর যে সব দেশের জন্ম হয়েছে চরম আত্মত্যাগের মধ্য দিয়ে তার প্রতিটি দেশের সরকারই উদ্যোগী হয়ে সংরক্ষণ করেছে তাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এর নজিরও ভুরি ভুরি। যেমন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, কম্বোডিয়া-উল্লেখ করা যায় এ রকম বহু দেশের কথা। কিন্তু ব্যতিক্রম কেবল বাংলাদেশ। আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি কোনো সরকারই। তবে বিচ্ছিন্নভাবে জাতীয় জাদুঘর এবং সামরিক জাদুঘরে মুক্তিযুদ্ধের কিছু নিদর্শন সংরক্ষিত রয়েছে।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব ড. সারোয়ার আলী বলেন, “আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঢাকার বুকে এক খণ্ড জমি। সেটা হলেই ছায়ানট ভবনের মত দেশের জনগণই তৈরি করবে তাদের অহংকার ও গৌরবের মুক্তিযুদ্ধ জাদুঘর।”

তিনি আরও বলেন,“এত ছোট পরিসরে মুক্তিযুদ্ধের মত বড় একটা বিষয় তুলে ধরা খুব কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি মুক্তিযুদ্ধের গৌরব বা বেদনার অংশীদার যারা হতে পারেননি তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে।”

পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরির জন্য অর্থ সংগ্রহ প্রসঙ্গে সারোয়ার আলী বলেন, “এদেশে ভালো কোনো কাজ থেমে থাকেনি। আশা করি এক্ষেত্রেও থেমে থাকবে না।”

২০০৩ সালে সরকার অনুমোদিত লটারি থেকে পাওয়া অর্থ এবং স্থাপনা সদস্যদের অনুদানের অর্থ দিয়ে একটি তহবিল গঠন করা হয়। কিন্তু তা দিয়ে জাদুঘর নির্মাণের জন্য নিজস্ব জমি এবং অবকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা এজন্য আনুমানিক ১২ কোটি টাকা ব্যয় হবে।

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের অপর প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “জনগণের অংশ হিসেবে সরকারের সহযোগিতা থাকলে কাজটা দ্রুত করা যেতো। তবে আমি আশাবাদী দীর্ঘদিনের এই রাষ্ট্রীয় ব্যর্থতাকে জনগণই একদিন ঢেকে দেবে।”

তিনি আরও বলেন,“কাজটা অনেকদিন আগেই হতে পারতো। এক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের প্রতি আমার আস্থা আছে। এখন তারা অনেক বেশি সচেতন। তারাই এর উদ্যোগ নেবে।”