২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াবাজার পশুর হাটের ইজারা স্থগিত, ২ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে ডিসিসি

কোরবানির ঈদের আগে সর্বোচ্চ দরদাতাকে নয়াবাজার পশুর হাটের ইজারা না দিয়ে হঠাৎ করে হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করায় প্রায় দুই কোটি টাকা রাজস্ব হারাতে বসেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

প্রদীপ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ডিসিসি’র সম্পত্তি বিভাগের একটি সূত্র জানায়, গত ৭ নভেম্বর রাজধানীর ১৩টি পশুর হাটের দরপত্র খোলা হয়। এর মধ্যে নয়াবাজার পশুর হাটটি ছাড়া বাকি ১২টি হাট ইজারা দেয়া হয়। আরমানিটোলা খেলার মাঠ ও চিত্রামহল হল সংলগ্ন ডিসিসি’র খালি জায়গায় প্রতি বছর হাট বসানো হয়ে থাকে।

দরপত্রে দেখা যায়, নয়াবাজার পশুর হাটের ইজারার জন্য সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ ১ হাজার ১ টাকা দর দিয়েছিলেন মো. আবু সাঈদ। ১ কোটি ৭৫ লাখ টাকা দর দিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন হাজি মো. মুসা এবং ১ কোটি ৫৬ লাখ টাকা দর দিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন তাইজউদ্দিন আহম্মেদ। কিন্তু সেদিন নয়াবাজার পশুর হাটের ইজারা স্থগিত রাখা হয়।

ইজারায় অংশ নেওয়া হাজি ওসমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে অভিযোগ করেন, “আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরও আবু সাঈদের নামে হাট বরাদ্দ দেওয়া হয়নি।”

এ প্রসঙ্গে ডিসিসি’র সম্পত্তি কর্মকর্তা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ওসমান শেখের অভিযোগ অস্বীকার করে বলেন,“অনেক সময় কাগজপত্র ঠিক না থাকলে সর্বোচ্চ দরদাতা হয়েও একজন হাট বরাদ্দ নাও পেতে পারেন। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সেখানে হাট বসানো হবে না। তবে এক্ষেত্রে দরপত্র কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

পশুর হাট ইজারা দেওয়ার বিষয়টি দেখাশোনা করে থাকে ডিসিসির সম্পত্তি বিভাগ ।

সর্বোচ্চ দরদাতা হয়েও হাটের ইজারা না পাওয়া প্রসঙ্গে মো. আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন,“যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এবার সেখানে হাট বসাবে না, সেক্ষেত্রে আমার কিছুই বলার নেই। কিন্তু আমার চেয়ে কম দরদাতাকে যদি ইজারা দেওয়া হয় তাহলে আমি আইনের আশ্রয় নেবো।”

গত কোরবানির ঈদে নয়াবাজার পশুর হাটের ইজারা পেয়েছিলেন মো. তাইজউদ্দিন আহম্মেদ। ইজারা মূল্য ছিলো ৭৯ লাখ টাকা। আর ১৫টি হাট থেকে ডিসিসি আয় করেছিলো ১ কোটি, ৫৬ লাখ, ৫৬ হাজার টাকা।