সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেট সদর উপজেলার লালাবাজার এলাকায় সোমবার ভোর ৪টায় এক সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান।
পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে আবুল কালাম আজাদ (৩২) ও বাসের চালক মো. শাহজাহান নামের দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আরও দুই ব্যক্তি মারা যায়।
সিলেট সদর দক্ষিণ থানার সাব ইনস্পেক্টর চন্দন রায় জানান, ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের এই সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন মারা যাওয়ার খবর তারা পেয়েছেন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকি দুইজন নিহত হওয়ার খবর তারা এখনো পাননি বলে জানান।
