২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫৩ জন কর্মকর্তার পদায়নের ওপর ৩ মাসের স্থগিতাদেশ

সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ৩ শ ৫৩ জন সরকারী কর্মকর্তার পদায়নের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহফুজ পারভেজের দায়ের করা এক রিট মামলার প্রেক্ষিতে এই আদেশ দেন।

একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অপ্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়াকে অবৈধ ঘোষণা করা হবে না কেন তার কারণ দেখাতে মন্ত্রিপরিষদ সচিব ও সংস্থাপন সচিবকে বলা হয়েছে।

এ ছাড়া গত ৪ ডিসেম্বর ৬ টি প্রজ্ঞাপনে ৩৫৩ জনকে পদোন্নতি কেন অবৈধ ঘোষণা করা হলো না তাও জানতে চেয়েছে আদালত।

রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কেবল দৈনন্দিন রুটিন কার্য সমাধা করবে। কোন নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু গত ৪ ডিসেম্বর সরকার ৬টি প্রজ্ঞাপন জারি করে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৩শ ৫৩ জনকে পদোন্নতি দেয়। এদের মধ্যে ৫৩ জন ওএসডি অফিসারকে পদায়ন করা হয় যা সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদের লংঘন।

রিট আবেদনে ৫৩ ওএসডি কর্মকর্তার পদায়ন ৩৫৩ কর্মকর্তার পদোন্নতি এবং পদায়নের ওপর স্থগিতাদেশ চাওয়া হয। আদালত কেবল ৩৫৩ জনের পদায়নের ওপর স্থগিতাদেশ দেন বলে ব্যারিস্টার ওমর সাদাত সাংবাদিকদের জানান।

রিট আবেদনে বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর এসব পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার তার সাংবিধানিক ম্যান্ডেট ভঙ্গ করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার কাজের মধ্যে কর্মকর্তাদের পদোন্নতি পড়ে না। তাই তত্ত্বাবধায়ক সরকার কেবল তাদের সাংবিধানিক দায়িত্বই লংঘন করেননি, সুষ্ঠু নির্বাচনের পথে তা বাধাও সৃষ্টি করেছে। এছাড়া এসব পদোন্নতির মাধ্যমে সরকারী কর্মচারী পদোন্নতি বিধিমালা ভঙ্গ করা হয়েছে।