মওদুদ আহমদের বিরূদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
এ বছরের এক আগস্ট মুদ্রিত বাংলাদেশের সংবিধানের নতুন সংস্করণের উপক্রমণিকায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরূদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরূদ্ধে ‘লইয়ার্স ইউনিয়ন ফর প্রোটেকশন অব পিপলস রাইটস’ এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আ স ম ইকবাল হোসেনের দায়ের করা মামলার শুনানি শেষে রোববার এই আদেশ দেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক।
মামলার আর্জিতে বলা হয়, অভিযুক্ত মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকাকালে ১ আগস্ট ২০০৬ তারিখে মুদ্রিত সংবিধানের উপক্রমণিকায় লেখা উল্লেখিত বক্তব্য স্বাধীনতার ঘোষণাপত্রের পরিপন্থী এবং মিথ্যা সাক্ষ্যের নামান্তর ছাড়া আর কিছুই নয়। এছাড়া তা আগে মুদ্রিত সংবিধানের উপক্রমণিকারও পরিপন্থী।
দেশের প্রচলিত আইন লংঘিত হওয়ায় বাদি ইকবাল হোসেন ক্ষুব্ধ হয়ে বিবেকের তাড়নায় রাষ্ট্রদ্রোহিতা, জনমনে বিদ্বেষ সৃষ্টি ও জনগণের ক্ষতিসাধনের অভিযোগে এই মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তের বিরূদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও প্রার্থনা করা হয়।
বাদির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল জলিল গাজী, ফকরুল ইসলাম, খন্দকার আব্দুল মান্নান, সোহেল আহম্মদ প্রমুখ।
মামলায় সাত জনের নাম সাক্ষী হিসাবে উল্লেখ করা হয়েছে।
