২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা কমিটির নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন

সাধারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে জাতীয় পূজা উদযাপন কমিটি। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 12:42 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে রোববার বেলা ১১ টায় সাক্ষাৎ করে এই আবেদন জানায় পূজা উদযাপন কমিটির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন কমিটির নেতা অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক।

নির্বাচন কমিশন সচিবের কাছে তারা একটি স্মারকলিপিও দেন।

এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে অধ্যাপক ভৌমিক বলেন, স্বরস্বতী পূজার কারণে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করা যায় কিনা সে ব্যাপারে তারা কমিশন সচিবকে অনুরোধ করতে এসেছেন। এছাড়া সাধারণ নির্বাচন এবং স্বরস্বতী পূজা একই দিনে হওয়ায় তাদের পক্ষে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয় বলেও তিনি জানান ।

এদিকে আরো এক দফা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কমিশন সচিবালয়ে। প্রবেশ পথে বসানো হয়েছে আরো একটি মেটাল ডিটেক্টর।

কমিশন সচিবালয়ে যেসব গাড়ি প্রবেশ করছে সেগুলোতেও চালানো হচ্ছে জোর তল্লাশি।

নির্বাচন কমিশনের কাছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সকালে মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন সৈন্য।

সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলা উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।