‘ছাপড়াখালীর রাণী’র গলা থেকে খোলা হলো রেডিও কলার
সুন্দরবনে বাঘিনী ‘ছাপড়াখালির রাণী’কে ফাঁদে ফেলে তার গলা থেকে রেডিও কলার খুলে নেওয়া হয়েছে।
রয়েল বেঙ্গল টাইগারের উপর গবেষণার জন্য চলতি বছরের ২ মার্চ তার গলায় রেডিও কলার সংযুক্ত করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, মে মাসে ব্যাটারির মেয়াদ শেষ হওয়ার পর রেডিও কলারটির স্ব-নিয়ন্ত্রিতভাবে বাঘিনীর গলা থেকে খুলে পড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা হয়নি। ছয় মাসেরও বেশি সময় সেটি অকার্যকর অবস্থায় ছাপড়াখালীর রাণীর গলায় সংযুক্ত থাকার পর গবেষকরা কলারটি খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর এক মাসেরও বেশি সময় ধরে চেষ্টার পর বৃহস্পতিবার ভোরে ‘ছাপড়াখালির রাণী’ গবেষকদের পাতা ফাঁদে ধরা পড়ে। কলার খুলে নেওয়ার পর বৃহস্পতিবার সকালেই তাকে সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
‘এ স্টাডি অন বিহেভিয়ার এন্ড ইকোলজি অব টাইগার্স ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে বাস্তবায়নাধীন বাঘ গবেষণা প্রকল্পের আওতায় এটা ছিল বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের গলা থেকে দ্বিতীয় রেডিও কলার সংগ্রহের ঘটনা।
২০০৫ সালের ২২ এপ্রিল সুন্দরবনে প্রথম রেডিও কলার সংযুক্ত বাঘিনী ‘জামতলার রাণী’কে গবেষকরা প্রায় ছয় মাস পর্যবেক্ষণ করে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করেন। রেডিও কলারটি চালু থাকা অবস্থায় ঐ বছর সেপ্টেম্বর মাসে ‘জামতলার রাণী’র স্বাভাবিক মৃত্যু হয়।
জামতলার রাণীর রেডিও কলারটির ব্যাটারির মেয়াদ ছিল আট মাস। এটি প্রতি দুই ঘণ্টা পর পর জিপিএস সিগন্যাল পাঠাতো। ছাপড়াখালীর রাণীর গলার রেডিও কলারটি প্রতি আধ ঘণ্টা পর পর জিপিএস সিগন্যাল পাঠাতো এবং এর ব্যাটারির মেয়াদ ছিল দুই মাস।
সুন্দরবনে বাঘ গবেষণার কাজে নিয়োজিত এডাম বার্লো এবং তার সহযোগী সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক আ ন ম মহসীন হোসেন বলেন, দ্বিতীয় রেডিও কলারটি থেকে পাওয়া উপাত্ত থেকে সুন্দরবনের বাঘের স্বভাব, বিচরণ এলাকা, খাদ্যাভাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তবে পূর্ণাঙ্গ তথ্যের জন্য বিভিন্ন এলাকা থেকে আরও অন্তত চারটি পুরুষ ও মাদি বাঘের গলায় রেডিও কলার সংযুক্ত করা প্রয়োজন রয়েছে।
