বিভিন্ন জেলায় পুলিশী অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার
দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চারটি আগ্নেয়াস্ত্র ও দুটি অন্যান্য অস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এর সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তারের পর অস্ত্র আইনে আলাদা পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগরী, নারায়নগঞ্জ, গাজীপুর ও বাগেরহাট জেলা পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি শাটারগান এবং দুটি পাইপগান।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশ হতে দুজন চিহ্নিত সন্ত্রাসী, ১৮ জন সাজাপ্রাপ্ত আসামী, ৭৯৫ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ৩৬৬ জন নিয়মিত মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চিহ্নিত সন্ত্রাসীরা হলো ঢাকা মহানগরীর হান্নান ও নুরুল ইসলাম।
এছাড়া ৪২টি রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটর সাইকেলও আটক করা হয়। মোটরযান আইনে এ সংক্রান্ত১৫০টি মামলা দায়ের করা হয়েছে।
