উত্তরায় মাসকট প্লাজার ৪টি দোকানে ডাকাতি, ১৪০ কেজি স্বর্ণ লুট
রাজধানীর উত্তরায় ‘মাসকট প্লাজায়’ বুধবার ভোররাতে একযোগে চারটি স্বর্ণের দোকান থেকে ডাকাতরা প্রায় ১৪০ কেজি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে। এর আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা বলে দোকানের মালিকরা জানিয়েছেন।
পুলিশ ও ব্যবসায়ীরা এ ঘটনার জন্য মার্কেটের নিরাপত্তারক্ষীদের সন্দেহ করছে। এ ঘটনায় দুই নিরাপত্তা রক্ষীকে আটক করা হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ স্বর্ণ ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে মার্কেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দুপুরে এয়ারপোর্ট রোডে অবরোধ সৃষ্টি করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ অবরোধের সময় তারা ১০/১২টি গাড়ি ভাংচুর করেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে লুট হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে ব্যবসায়ীরা বলেছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মাসকট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে আজমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতরা ১৪০ কেজি স্বর্ণ নিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় স্বর্ণ ডাকাতি।”
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ শুকরানা বলেন, পুলিশ ও ব্যবসায়ী উভয়ই এ ডাকাতির ঘটনায় নিরাপত্তারক্ষীদের সন্দেহ করছে। ঘটনার পর থেকেই দুই নিরাপত্তা রক্ষী পলাতক রয়েছে।
মার্কেটের নিরাপত্তার দায়িত্বে এসএমএস নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে।
পুলিশ ও মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘প্রেয়সী জুয়েলার্স’, ‘নিউ প্যারোমা জুয়েলার্স’, ‘কণিকা জুয়েলার্স’ এবং ‘আই কে জুয়েলার্স’ থেকে স্বর্ণালংকারগুলো লুট করা হয়। দুর্বৃত্তরা গ্রিল কেটে স্বর্ণের দোকানগুলোতে প্রবেশ করে।
দোকান মালিকরা জানান, সিসিটিভির সাহায্যে তারা দেখতে পেয়েছেন যে, নিরাপত্তা রক্ষীরা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। ক্যামেরায় কয়েকজনকে দেখাও গেছে। তবে ছবি অস্পষ্ট থাকায় তাদের পুরোপুরি চিহ্নিত করা সম্ভব হয়নি।
ওসি শহীদ শুকরানা জানান, ঘটনার পর থেকেই দুই নিরাপত্তা রক্ষীকে পাওয়া যাচ্ছে না। খুব সম্ভবত তারাই মালামাল নিয়ে পালিয়েছে। তাদের ধরতে পারলে রহস্য উন্মোচিত হবে। তিনি আরও জানান, দুইজন নিরাপত্তারক্ষীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ব্যবসায়ীরা নিজেরাও এখনো বলতে পারছেন না যে তাদের কি পরিমাণ মালামাল খোয়া গেছে। যে কারণে এখন মামলা হয়নি।
