রামুতে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত, আহত ২০
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ওবায়দুল হক (২৫) ও মোহাম্মদ মুফিজ (৪৫) নামে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহতদের বাড়ি সদর উপজেলার ভারুয়াখালী ও রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের হামিরপাড়ায়। দুর্ঘটনায় আহত হয় আরও ১০ যাত্রী। এদের মধ্যে মারাত্মক আহত নন্দাখালীর নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৭ টার দিকে সদর উপজেলা ঈদগাঁও থেকে যাত্রী বোঝাই করে চাঁদের গাড়ি (জীপ কুষ্টিয়া-ক-১৪৬) রামু বাজারে আসছিল। জীপটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের দক্ষিণে রাবার বাগান এলাকায় পৌঁছলে হঠাৎ সামনের একটি টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।
