রাজশাহীতে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই
পবা উপজেলায় সোমবার এক আলু ব্যবসায়ীকে ছুরিকাহত করে লক্ষাধিক টাকা নিয়ে গেছে তিন ছিনতাইকারী।
এ ব্যাপারে পবা থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, দুপুরের দিকে পবা উপজেলার মাধবপুর গ্রামের এন্তাজ আলী আলু কেনার জন্য নগরীর রাজ কোল্ড স্টোরেজে আসছিলেন। এ সময় মাধবপুর রাস্তার ওপর শফিকুল, শহিদুল ও সম্রাট নামের তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে আলু ব্যবসায়ীর এক লাখ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তারা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় এন্তাজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এন্তাজের বাবা ইয়াসিন আলী বিকেলে তিন ছিনতাইকারীকে আসামী করে পবা থানায় মামলা করেন।
তিন ছিনতাইকারীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে এবং পুলিশ তাদের খুঁজছে বলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
