২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে কর্মসূচি পালন করবেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

মঙ্গলবারের মধ্যে পদোন্নতি না হলে সংস্থাপন সচিবের দফতরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার সকালে সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সঙ্গে কর্মকর্তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান।

প্রশাসনের কর্মকর্তাদের সব দিক বিবেচনা করে তাদের এই বঞ্চনার যন্ত্রণা থেকে রেহাই দিতে সংস্থাপন সচিবের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই প্রশাসনের বঞ্চিত কর্মকর্তারা দ্রুত পদোন্নতির জন্য উপদেষ্টা, মন্ত্রীপরিষদ বিভাগ সচিব ও সংস্থাপন সচিবসহ বিভিন্ন পর্যায়ে দেখা করেছেন। তাদের অভিযোগ, নানা টালবাহানায় কালক্ষেপণ করছে মন্ত্রী পরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয়।

আবুল কালাম আজাদ, উজ্জল বিকাশ দত্ত, এ কে আজাদ চৌধুরী, ইকবাল হোসেন খানসহ পাঁচ সদস্যের ঐ প্রতিনিধি দলটির সাথে সাক্ষাতের সময় সংস্থাপন সচিব জানান, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ড’ এর সভা শেষ হয়েছে। এতে উপসচিব থেকে সচিব পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে। তবে তাদের সুপারিশ চুড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদের স্বাক্ষরের প্রয়োজন। কিন্তু রাজনৈতিক কারনে রাষ্ট্রপতি সময় দিতে না পারায় পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে।

তিনি আরো জানান, মন্ত্রী পরিষদ বিভাগ সচিব আবু সোলায়মান চৌধুরী চুড়ান্ত সুপারিশে স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে সময় চাইতে রোববারও বঙ্গভবনে গিয়েছিলেন।