২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

শুক্রবার রাত ৮টায় রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের গুলিতে নিহত হয়েছে ছাত্রলীগ নেতা আহসান হাবীব বাবু। সে তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এলাকাবাসী ও বাবুর স্বজনদের দাবি, রাত আনুমানিক ৮টার দিকে তাহেরপুর বাজারে একটি মোটর সাইকেলের শোরুমের সামনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করার সময় রাজশাহী র‌্যাবের একটি টহল দল তাকে তুলে নিয়ে যায়। বাজার থেকে মাত্র ১০০ গজ দুরে দুর্গাপুরের তাহেরপুর সড়কের ওপর বাবুকে গুলি করে র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলেই সে মারা যায়।

বাবুর বাবা দুর্গাপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি আফসার আলি অভিযোগে বলেন, তার ছেলে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র। কলেজ থেকে কয়েকদির আগে সে বাড়িতে যায়। রাত ৮টার দিকে র‌্যাব তাকে গুলি করে হত্যা করে। তিনি বলেন, দুর্গাপুরের সাবেক সাংসদ নাদিম মোস্তফা ক্ষমতায় থাকতে বাবুসহ তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করা হয়েছে। এই হত্যার পেছনেও নাদিম মোস্তফার হাত আছে বলে তার দাবি।

এলাকাবাসী জানিয়েছে, জোট সরকারের আমলে বাবুকে দুর্গাপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার আনোয়ার হত্যা মামলায় হয়রানিমূলকভাবে জড়ানো হয়। সেই মামলায় উচ্চ আদালত থেকে সে জামিনে ছিল।

এই রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৮টা) পর্যন্ত বাবুর লাশ ঘটনাস্থলেই পড়েছিল। এ বিষয়ে রাজশাহীতে র‌্যাব-৫ এর সদর দপ্তরে যোগাযোগ করা হলে নাম না জানিয়ে এক কর্মকর্তা জানান বাবু ক্রসফায়ারে নিহত হয়েছে।