ডুমুরিয়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পূর্ব বিলের একটি চিংড়ি ঘেরে বৃহস্পতিবার রাতে রাশিদা বেগম এবং তার চার বছরের শিশুকন্যা আয়েশা খাতুনকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
চিংড়ি ঘেরের অংশীদারিত্ব না পেয়ে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে রাশিদার স্বামী আতিয়ার রহমান নফহবংি.পড়স কে জানান। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের এসআই আবদুল্লাহ জানান, ধারালো অস্ত্র নিয়ে ৭/৮ জনের একদল সন্ত্রাসী বৃহস্পতিবার রাতে পূর্ব বিলের চিংড়ি ঘের ব্যবসায়ী আতিয়ার রহমানের বাসায় হানা দেয়। আতিয়ার এ সময় বাজারে ছিলেন। সন্ত্রাসীরা রাশিদা বেগম এবং তার মেয়ে আয়েশাকে কুপিয়ে হত্যার পর লাশ দুটি চিংড়ি ঘেরে ফেলে যায়।
আতিয়ার বাসায় ফিরে রক্ত দেখে আশ-পাশের লোকজনদের খবর দেন। পরে রাত ৪টার দিকে পুলিশ চিংড়ি ঘের থেকে লাশ উদ্ধার করে। রাশিদাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করলেও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
রাশিদার স্বামী শুক্রবার সকালে সঞ্জয় কুমার মণ্ডলসহ অজ্ঞাত ৮/৯ জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। তিনি জানান, সঞ্জয় প্রায়ই দলবল নিয়ে তার স্ত্রীকে উত্যক্ত করত। চিংড়ি ঘেরের অংশীদার হওয়ার জন্যও তারা চাপ দিচ্ছিল।
পুলিশ শুক্রবারই মামলার আসামী একই গ্রামের সঞ্জয় কুমার মণ্ডলকে গ্রেপ্তার করেছে।
