রাজনৈতিক অস্থিরতায় বিপাকে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান
রাজনৈতিক অস্থিরতার কারণে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারছে না রাজধানীর শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফল প্রকাশেও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। লাগাতার অবরোধ-ঘেরাও-অবস্থানসহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আন্দোলন কর্মসূচির জন্য বেশিরভাগ স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়। ক্ষতি পুষিয়ে নিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শিফটে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঈদের পর রাজনৈতিক কর্মসূচির কারণে স্কুল-কলেজে প্রায় ১৫ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে তড়িঘড়ি বার্ষিক পরীক্ষাসহ কলেজের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা শেষ করার চেষ্টা করছে। এছাড়া পরবর্তী অবরোধের কথা মাথায় রেখে স্থগিত পরীক্ষা শুক্রবারসহ অন্যান্য বন্ধের দিনেও গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরও অচলাবস্থা চললে যথাসময়ে ফল প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে চিন্তিত স্কুল-কলেজ কর্তৃপক্ষ।
ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার বার্ষিক পরীক্ষা ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ১৪ দল রোববার থেকে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়ায় পরীক্ষা আরো কিছুদিন পিছিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ২৩ নভেম্বর। অধ্যক্ষ জসীমউদ্দীন আহমেদ হতাশ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সাধারণত ১৫ ডিসেম্বরের মধ্যে আমরা ফল প্রকাশ করি। এ বছর এমনিতেই মাঝে রোজার ঈদ ছিলো। তার ওপর অবরোধের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে গেছে। এরই মধ্যে নির্দিষ্ট সময় থেকে এক সপ্তাহ পিছিয়ে গেলাম।”
আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, আগের অবরোধের কারণে দশম শ্রেণীর চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা পিছিয়ে গেছে। ১৬ নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনো সব পরীক্ষা শেষ হয়নি। তিনি বলেন, “এরই মধ্যে একাডেমিক ক্যালেন্ডার অনুয়ায়ী, স্কুল শাখা ৭ দিন ও কলেজ শাখা ১৫ দিন পিছিয়ে পড়েছে। এ দু’টি শাখার ফল প্রকাশ ছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফর্ম পূরণের বিষয়টিও রয়েছে। অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাড়তি সময় দিতে নারাজ।”
টি অ্যান্ড টি স্কুল ও কলেজের সমন্বয়কারী বলেন, “পরীক্ষা ৬ দিন দেরি হলেও শেষ হবে। কিন্তু ফর্ম পুরণের সময় এসে গেছে, সামান্য একটি ভুল হলে একজন শিক্ষার্থীকে সারাজীবন মাশুল গুনতে হবে। অথচ অবরোধে পথে বের হওয়াই ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীরা আসবে কি করে ?”
মতিঝিল মডেল হাই স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত সুলতানা জানান,“দেশের হালচাল খেয়াল করে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা নেয়া শুরু করেছিলাম। স্কুল শাখা মোটামুটি সামাল দিতে পারলেও কলেজ শাখা নিয়েই সমস্যায় পড়েছি। এজন্য দুই শিফটে কলেজের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি বলেন, “সাধারণত কলেজ শাখার প্রতিটি পরীক্ষার মাঝে একদিন করে বিরতি দেওয়া হয়। অবরোধের কারণে দুই শিফটে প্রতিদিন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা চাপের মুখে পড়বে।”
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা বেগম বলেন,“এরই মধ্যে প্রায় ১৫ দিন পিছিয়ে পড়েছি। তবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় ২৮ ডিসেম্বরের মধ্যে সব সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। ১৪ জানুয়ারি থেকে ভর্তির কার্যক্রমও হাতে নিতে পারবো।”
হলিক্রস স্কুলের সমন্বয়ক পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের ভোগান্তির কথা জানিয়ে বলেন, “নতুন ক্লাসে ওঠার পাশাপাশি শীতের সময় বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর, শিক্ষার্থীরা সকালে উঠে পরীক্ষা হবে না শুনলে সমস্ত উৎসাহ হারিয়ে ফেলে।”
তার এ কথার সঙ্গে একমত রাজনৈতিক অচলাবস্থায় বন্দি শিক্ষার্থীরাও। আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র জাকির বলেন, “আমার টেস্ট পরীক্ষা চলছে। এ পর্যন্ত দু’বার পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রস্তুতি নিলেও পরীক্ষা হয়নি। এখন পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেছি।”
