শুনানির বিস্তারিত
সকাল পৌনে এগারোটায় হাইকোর্টের দুই বিচারপতি আসন গ্রহণ করলে অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী রিট মামলা দুটি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানির একটি আবেদন দাখিল করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “মামলাটি একটি নজিরবিহীন মামলা। এর তাৎপর্য অসীম। তাই তিন অথবা চার বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে শুনানি করা উচিত।”
অন্যতম রিট আবেদনকারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ আন্দোলনকারী ১০ নেতার পক্ষে ড. কামাল হোসেন বলেন, “বৃহত্তর বেঞ্চে শুনানির কথা রুল জারির পরে আসবে। কারণ রিট দুটির উপর ব্যাপক শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষ সারাদিন চেষ্টা করেছে যাতে রুল না হয়। আদালত এখন রুল দেবে বুঝে তারা বৃহত্তর বেঞ্চে শুনানির কথা বলছে।”
কামাল হোসেন বলেন, মামলা দুটিতে সাংবিধানিক প্রশ্ন এবং জনগুরুত্বপূর্ণ বিষয় জড়িত বলে রুল জারি করা উচিত।
এ সময় আদালত কক্ষে ব্যাপক হট্টগোলের মধ্যে ড. কামাল আরও বলেন, “এ মামলাটিতে কিছু নজিরবিহীন ঘটনা ঘটছে। আদালত কক্ষে “ হৈচৈ ও চিৎকার হচ্ছে। এসব বন্ধ হওয়া উচিত।”
এসময় সরকারপক্ষের আইনজীবীরা আরও বেশি হৈ চৈ করতে থাকলে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে ড. কামাল হোসেন বলেন, “তিনি (অ্যাটর্নি জেনারেল) বিএনপি’র নিয়োগকৃত। তত্ত্বাবধায়ক সরকার আসার পর তার চলে যাওয়া উচিত ছিল।”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি রাষ্ট্রপতির কাছে পদত্যাগের আবেদন করেছিলাম। রাষ্ট্রপতি আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন।”
ড. কামাল হোসেন বলেন, “সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হয়েছিল নির্বাচনের আগে যাতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরী হয়। কিন্তু বিএনপি জামাত জোটের যে দলীয় প্রশাসন ছিল তা পরিবর্তন হয় নাই।”
অ্যাটর্নী জেনারেলকে উদ্দেশ্য করে আদালত প্রশ্ন করেন, “মামলা দুটির উপর ব্যাপক শুনানির পর বৃহত্তর বেঞ্চে শুনানির আবেদন করা কি সঙ্গত?”
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে আদালত আরো বলেন, “আদালত কি করবে না করবে সে ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। তা না হলে ন্যায়বিচার করা সম্ভব নয়।”
আদালত আরও বলেন, “অ্যাটর্নি জেনারেল যুক্তি দেখিয়েছেন যে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিলে অরাজকতা সৃষ্টি হবে। রিটকারী পক্ষ বলছে রাষ্ট্রপতি অবৈধভাবে প্রধান উপদেষ্টার পদে থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হবে। এ অবস্থায় রুল ইস্যু করা যেতে পারে।”
রাষ্ট্রপতির বিরুদ্ধে রুল জারি নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাবে আদালত বলেন, “ভারতে প্রধান বিচারপতি নিয়োগের বৈধতা নিয়ে রিটের প্রেক্ষিতে সেই নিয়োগ অবৈধ ঘোষিত হওয়ায় প্রধান বিচারপতিকে চলে যেতে হয়েছিল। তবে তাঁর কাজগুলো বৈধ ছিল। রাষ্ট্রপতি চলে গেলেও তাঁর কার্যক্রম বৈধ থাকবে।”
আদালত বলেন, “তত্ত্বাবধায়ক সরকারকে যদি অবৈধ ঘোষণা করাও হয়, তাহলেও তারা যে কাজ করেছে তা বাতিল করা যাবে না।”
অ্যাটর্নি জেনারেল জোর দিয়ে বলেন, “আদালত ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই বৃহত্তর বেঞ্চে শুনানীর আবেদনটি আগে নিস্পত্তি করা হোক। ”
আদালত বলেন, “রুল জারির পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
অ্যাটর্নি জেনারেল তাঁর বৃহত্তর বেঞ্চের আবেদনটি নিষ্পত্তির জন্য জোর আবেদন জানাতে থাকেন। তিনি আরো বলেন, “ আজ আদেশের কথা সংবাদ মাধ্যম কীভাবে জানলো এ বিষয়টিও জানতে হবে।”
আদালত বলেন, “আমরা ঘোষণা করেছিলাম বলেই মিডিয়া আদেশের বিষয়টি জানতে পেরেছিল।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করা যায় না। তাই রুল জারি করবেন না।”
ড. কামাল হোসেন বলেন, “কোনো ব্যক্তিই সংবিধানের ঊর্ধ্বে নয়। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসেবে এর ব্যাখ্যা দেবে। তাই সংবিধানের ব্যাখ্যার জন্য রুল জারি করা প্রয়োজন।”
অ্যাটর্নি জেনারেল আবারও জোর দিয়ে বলেন, “আমাদের আবেদন নিষ্পত্তি করা হোক। প্রয়োজনে আমরা আপিল বিভাগে যাবো। কারণ আপনারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন।”
আদালত বলেন, “সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আদেশ তো দেইনি। আদালত স্বাধীন, আপনি আদালতকে ডিক্টেট করতে পারেন না। আপিল বিভাগে কী হবে না হবে তা আমাদের বিষয় নয়।”
ড. কামাল হোসেন বলেন, “এরকম মামলায় একপক্ষের বক্তব্য শুনেই আদেশ দেয় আদালত। রুল জারির পর দুই পক্ষের শুনানি হয়। কিন্তু অ্যাটর্নি জেনারেলকে আগেই সুযোগ দেওয়া হয়েছে। রুল জারির আগে বৃহত্তর বেঞ্চের আবেদনের প্রশ্ন আসে না।”
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকক্ষ ত্যাগ করেন। এসময় রোকনউদ্দিন মাহমুদ বলেন, “অ্যাটর্নি জেনারেল এখন বাইরে নিশ্চয়ই কোনো অভিসন্ধি নিয়ে গেছেন। এর আগে অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে এ মামলার শুনানির জন্য সময় চেয়েছিলেন। কিন্তু এর মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। অ্যাটর্নি জেনারেল যেভাবে বক্তব্য রাখছেন তাতে মনে হচ্ছে তিনি বর্তমান সরকারের নন, বিএনপি-জামাত জোট সরকারের অ্যাটর্নি জেনারেল।”
অ্যাটর্নি জেনারেলের অফিস সূত্রে জানা গেছে, তিনি এসময় প্রধান বিচারপতির কাছে মামলাটির শুনানি স্থগিতের আবেদন জানান। প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত করে দেন।
এরপর দুপুর আড়াইটায় অ্যাটর্নি জেনারেল তিনটি আবেদন আদালতে জমা দিয়ে বলেন, প্রধান বিচারপতি এ মামলাগুলোর শুনানি স্থগিত করেছেন। একসময় ব্যাপক হৈ চৈ ও হট্টগোলের মধ্য দিয়ে দুই বিচারক এজলাস ত্যাগ করেন।
