রাবির প্রতি আসনে এবার ৭৯ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে ৭৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪৬ টি বিভাগে এবার মোট দুই লাখ ৬৪ হাজার ৫৪টি ফরম জমা পড়েছে। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে সর্বোচ্চ ১৫ হাজার ১৬৮টি এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগে সর্বনিম্ন ৪৮০টি ফরম জমা পড়েছে।
প্রতি আসনের বিপরীতে ফার্মেসী বিভাগে সর্বোচ্চ ২০১ জন এবং গণযোগাযোগ বিভাগে ১৭৫ জন করে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ৩ ডিসেম্বর থেকে প্রতিদিন চার শিফ্টে (সকাল ৯টা-১০টা, ১১টা-১২টা, ১টা-২টা এবং ৩টা-৪টা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
