নির্বাচনী তফসিল ঘোষণা আর দুই কমিশনার নিয়োগ সম্পর্কে উপদেষ্টারা জানতেন না
নির্বাচনী তফসিল ঘোষণা এবং নতুন দুই কমিশনার নিয়োগ সম্পর্কে উপদেষ্টারা জানতেন না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উপদেষ্টারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার এক বৈঠক থেকে বেরিয়ে উপদেষ্টারা একথা বলেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনী তফসিল নিয়ে আলোচনা হয়েছে। তবে আজ যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে তা ১০ উপদেষ্টার কেউই জানতেন না বলে জানান তথ্য উপদেষ্টা। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন বলে জানান তিনি। তিনি বলেন, “এতে আমরা খারাপ কিছু দেখছি না। নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করতেই পারে।”
অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের মধ্যে আস্থার কোন অভাব নেই। নির্বাচন কমিশনে দুজন নতুন কমিশনার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আজ দুজন নতুন কমিশনার শপথ নেবে। তবে কোন দুজনকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সে ব্যাপারে উপদেষ্টা কিছু জানেন না বলে জানান তিনি।”
উপদেষ্টা সুলতানা কামালও সোমবার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল বা নতুন নিয়োগ পাওয়া দুই কমিশনার সম্পর্কে কিছু জানতেন না তারা।
একই কথা বলেছেন আরেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেছেন, “উত্তরায় সাবেক জ্বালানী উপদেষ্টার বানিজ্যিক প্রতিষ্ঠানে সরকারী কর্মকর্তাদের গোপন বৈঠক সার্ভিস রুলের পরিপন্থী। দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। তিনি বলেন, কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। একজন সিনিয়র সচিবের অধীনে ৩ সদস্যের একটি কমিটি কাজ করবে। কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। রিপোর্টের ভিত্তিতে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টাদের সাথে পরামর্শ না করে নির্বাচনী তফসিল ঘোষণা এবং নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব মাহবুবুল আলম এড়িয়ে যান।
