শপথ নিলেন নতুন দুই নির্বাচন কমিশনার
সাবেক পুলিশ প্রধান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাবেক জেলা জজ ও সাবেক দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক সাইফুল আলম নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন।
সুপ্রিমকোর্টে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
বিকেল ৪টা ৩৭ মিনিটে শপথ নেওয়ার পর বেরিয়ে এসে মোদাব্বির হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “এখনই কিছু বলার সময় আসেনি। কেবল দায়িত্ব পেলাম। সুষ্ঠু নির্বাচনের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
অপর নতুন নির্বাচন কমিশনার সাইফুল আলম বলেন, “কেবল নতুন দায়িত্ব পেলাম। কিছু বলার সময় আসেনি।”
‘কেমন লাগছে’-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে যেমন ছিলাম, এখনও তেমনই আছি।”
এর আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুগ্মসচিব আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাদেরকে শপথ গ্রহণ শেষে অভ্যর্থনা জানিয়ে আনার জন্য হাইকোর্টে যান। রেওয়াজ অনুযায়ী শপথ গ্রহণের পর তাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা।
মোদাব্বির হোসেন চৌধুরীর বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশায়। ২০০১ সালের ৫ নভেম্বর থেকে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২২ এপ্রিল তাঁকে আইজিপির পদ থেকে অপসারণ করা হয়। এসময় পুলিশের উচ্চ পর্যায়ের ২১ জন কর্মকর্তাকেও বদলি করা হয়।
এরপর পরবর্তী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিদায়ী আইজিপিকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার মোদাব্বির হোসেন চৌধুরী ছাড়া প্রতিরক্ষা বিভাগ থেকে আসা সকল পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
মোদাব্বির হোসেন চৌধুরী ১৯৭৩ সালের ১ এপ্রিল সেনাবাহিনী থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন এবং তাকে সরকারি কর্মকমিশনের আওতায় নিয়ে আসা হয়।
