মাম্মী হত্যাকারী স্বামী রিপনের ফাঁসি
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মাম্মী হত্যা মামলার প্রধান আসামী স্বামী রিপনের ফাঁসি কার্যকর করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোমবার প্রথম প্রহরে। হত্যাকাণ্ডের সাত বছর পর চাঞ্চল্যকর এ মামলার আসামীকে ফাঁসিতে ঝুলানো হলো।
সোমবার ভোর ৬টায় রিপনের বাবা ও ছোট ভাইসহ স্বজনদের কাছে কারা কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করেন। এসময় রিপনের ছোট ভাই শিমুল উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং লাশের ছবি তুলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে রিপনের লাশ মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার লাশ দাফনের কথা।
১৯৯৯ সালের ৩০ অক্টোবর রাতে মাহমুদা সুলতানা মাম্মীকে তার স্বামী আবুল কালাম আজাদ রিপন শ্বাসরোধ করে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় স্বামী রিপন, শাশুড়ী মনোয়ারা ও ননদ রুনা আক্তারকে আসামী করে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই অ্যাডভোকেট বিএম হোসেন। তৎকালীন জেলা ও দায়রা জজ আবদুল মকিত মজুমদার তাঁর রায়ে মামলায় তিনজনকেই ফাঁসির আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করলে আদালত রিপন ছাড়া বাকীদের সাজা মওকুফ করে। পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে রিপন আবেদন জানালেও তা মঞ্জুর করা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে সোমবার প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রিপনের মৃত্যদণ্ডাদেশ কার্যকর করা হয়।
নিহতের বড় ভাই রায় কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এদিকে মামলার প্রধান কৌঁসুলী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফাঁিসর আদেশ মওকুফ করার জন্য রিপনের আবেদন নাকচ করে দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
কলেজ ছাত্রী মাহমুদা সুলতানা মাম্মী প্রেম করে গৃহশিক্ষক আবুল কালাম আজাদ রিপনকে বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জের ধরে শহরের বেপারী পাড়ার বাসায় রিপন তাকে হত্যা করে।
