২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীগঞ্জে গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, চার পুলিশ ক্লোজড

নবীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে চার পুলিশ কর্মকর্তাকে রোববার ক্লোজ করা হয়। তারা হলেন, এসআই সফিকুল ইসলাম, আমান উল্লাহ সরকার, বদরুল হাসান ও এএসআই আব্দুস সালাম।

শ্রমিক সূত্রে জানা যায়, শনিবার রাতে নবীগঞ্জ বাজার থেকে হারুন মিয়ার পিকআপ ভ্যান ভাড়া করে পুলিশ। রাত দেড়টার দিকে স্থানীয় পালের বাজারে পিকআপটি রেখে চানপুর গ্রামে এক আসামি ধরতে অভিযানে যায় তারা। ফিরে এসে পিকআপটি সাইড করা নিয়ে চালক হারুনের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয় পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তাকে মারধর শুরু করে। গাড়ির হেলপার অলিউর রহমান এ সময় পালিয়ে যায়।

খবর ছড়িয়ে পড়লে রোববার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে এসে মিছিল শুরু করে। এক পর্যায়ে থানা ঘেরাও করে তারা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে। শ্রমিক বিক্ষোভের মুখে রাতের অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়।

শ্রমিকরা দাবি করেছে, মারধরেই হারুনের মৃত্যু হয়েছে।

তবে নবীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামের দাবি, হারুনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওসির এ বক্তব্য প্রত্যাখ্যান করে নিহতের পরিবার বলেছে, দুর্ঘটনা হলে পুলিশ সদস্যরাও জখম হত। শুধু হারুনেরই ক্ষতি হত না। হারুনের গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে তারা জানান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মান্নান বলেছেন, ঘটনা তদন্ত শেষে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।