২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবন ও নির্বাচন কমিশনের আশপাশে মিছিল সমাবেশ নিষিদ্ধ

বঙ্গভবনের আশপাশের এলাকায় রোববার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এ ছাড়া নির্বাচন কমিশনের আশপাশের এলাকাতেও সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্ট সময়ের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার এবিএম বজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কয়েকটি রাজনৈতিক দল বঙ্গভবন ও নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য বঙ্গভবনের আশপাশের নির্দিষ্ট সীমানার মধ্যে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারাবলে রোববার মধ্যরাত থেকে এবং নির্বাচন কমিশনের আশপাশের এলাকায় সোমবার রাত ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, বিস্ফোরকসহ ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন, যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ঘেরাও এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

ডিএমপির এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে বঙ্গভবনের দক্ষিণে ইত্তেফাক মোড় থেকে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট-জয়কালী মন্দির হয়ে আহাদ পুলিশ বক্স, পশ্চিমে আহাদ পুলিশ বক্স থেকে গুলিস্তান ক্যানন পয়েন্ট, ভাসানী হকি স্টেডিয়াম ও ঢাকা স্টেডিয়ামের পাশের রাস্তা হয়ে বায়তুল মোকাররম মসজিদ, উত্তরে বায়তুল মোকাররম মসজিদ হতে শিল্প ব্যাংক ভবন-বিমান অফিস-অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় হয়ে আলিকো বিল্ডিং এবং পূর্বে আলিকো বিল্ডিং থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং হয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত এলাকা।

এ ছাড়া নির্বাচন কমিশনের আশপাশের নিষিদ্ধ এলাকার মধ্যে থাকবে উত্তর দিকে বেগম রোকেয়া সরণীর আগারগাঁও ক্রসিং থেকে পাসপোর্ট অফিস হয়ে শিশুমেলা ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশের সীমানা, দক্ষিণে মিরপুর রোডের ২৭ নম্বর ক্রসিংয়ের বিআইএম থেকে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল পর্যন্ত রাস্তার পূর্ব সীমানা এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে টিএন্ডটি মাঠ হয়ে ইন্দিরা রোড পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের দক্ষিণ সীমানা, পূর্ব দিকে ইন্দিরা রোড ক্রসিং হয়ে চক্ষু হাসপাতাল, খামরবাড়ি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বেগম রোকেয়া সরণীর আগারগাঁও ক্রসিং পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সীমানা এবং পশ্চিমে মিরপুর রোডের শিশু মেলা ক্রসিং থেকে পুরোনো মোহাম্মদপুর থানা ক্রসিং, আসাদ এভিনিউ হয়ে ২৭ নম্বর রোডের পূর্ব মাথা মাথা পর্যন্ত মিরপুর রোডের পশ্চিম সীমানা।