গভীর রাতে ঢাবির ১২ হলে পুলিশী অভিযানে ১১ বহিরাগত গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হলে শনিবার গভীর রাতে প্রায় একই সময় অভিযান চালিয়ে ১১ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে জগন্নাথ হল থেকে সাতজন, অমর একুশে হল থেকে একজন, ফজলুল হক হল থেকে একজন, হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে দুজনকে আটক করা হয়।
রোববার সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানায়, আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হলেও তাদের কেউ সন্ত্রাসী বা অস্ত্র বহনকারী চিহ্নিত না হওয়ায় তাদের কাউকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে, শনিবার রাতে যুগ্ম কমিশনার মঞ্জুরুল কাদের খানের নেতৃত্বে ৫২ প্লাটুন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হলে একসঙ্গে অভিযান চালায়। আটককৃতরা এখন শাহবাগ থানায় রয়েছে। তবে তাদের নামে কোনো সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হবে কি-না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
রাত ১২টার একটু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ, শহীদুলাহ, জগন্নাথ, ফজলুল হক, জহুরুল হক, সূর্যসে, হাজী মুহাম্মদ মুহসীন, কবি জসীমউদ্দিন, এ এফ রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অমর একুশে হলে একসঙ্গে পুলিশী অভিযান শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ৬/৭ টি পুলিশ ভ্যানকে সূর্যসেন হলে যেতে দেখেন রাত ১২ টা ৫০ মিনিটে।
অভিযানে অংশগ্রহণকারী এক পুলিশ কর্মকর্তা তাকে বলেন, মধ্যরাতের এই অভিযানে অংশ নিচ্ছে প্রায় চার হাজার পুলিশ।
ইউসুফ জানান, হলে যে পুলিশ অভিযান চালানো হতে পারে সে কথা তিনি তার বন্ধুদের কাছ থেকে সন্ধ্যাতেই শুনেছিলেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু দাউদ মোহাম্মদ ঈসা ক্ষোভের সঙ্গে বলেন, “এ ধরনের অভিযানে লাভ কি? সেই বিকেল থেকে এই অভিযান নিয়ে সকলে বলাবলি করছে।”
