২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবিবিএস ভর্তি কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থিতাবস্থার নির্দেশ

হাইকোর্ট রোববার ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি কার্যক্রমের ওপর স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ভর্তি পরীক্ষার্থী তানভীর আহমেদসহ পাঁচ ছাত্রের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে ১৪টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম সোমবার পর্যন্ত যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আদেশ দেয়।

এদিকে ভর্তি পরীক্ষায় কৃতকার্য ছাত্ররা এ মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে।

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন গত ১০ নভেম্বর ও ১৭ নভেম্বর এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেয়।

১৭ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরুর ৮ ঘন্টা আগে ঢাকার কেএসপি ইন্টারন্যাশনাল নামে একটি ফ্যাক্সের দোকান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে রাত ২টা ৪২ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সাত পৃষ্টার প্রশ্নপত্র উত্তরসহ চট্টগ্রামের জনৈক রাজীবের কাছে পাঠায়।

আবেদনে আরো বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কম মেধাবী ছাত্ররা টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলে উচ্চ মেধাসম্পন্ন ছাত্ররা পরীক্ষায় অকৃতকার্য হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ০৫০১ নং রেজিস্ট্রেশনকারী এক ছাত্র একটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিলেও সে ঢাকা খালেদা জিয়া মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে যোগ্য বিবেচিত হয়।

এ ছাড়া প্রায় ২৪ হাজার ৫শ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ২১ নভেম্বরের মধ্যে ১৪টি মেডিকেল কলেজে ২ হাজার, ৪০টি মুক্তিযোদ্ধা কোটা, ২০টি উপজাতীয় কোটা ও ৬৪ জেলায় কোটার ছাত্র নির্বাচিত করা অসম্ভব।

অ্যাডভোকেট হরিসাধন দেব এর সহযোগিতায় মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। সোমবার আবেদনের ওপর আদেশের দিন ধার্য করা হয়।