সংবিধানে ভারপ্রাপ্ত সিইসি’র পদ নেই: হাসান মশহুদ
উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের পদ বলে সংবিধানে কোন কিছুই নেই। তাই এ নিয়োগ সংবিধানবিরোধী। রোববার দুপুরে সচিবালয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “এ ব্যাপারে আমরা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এমনকি সংবিধান বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। তারাও বলেছেন যে এটা সংবিধানবিরোধী।” বিস্তারিত জানার জন্য উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের সাথে সাংবাদিকদের আলাপ করার পরামর্শ দেন তিনি।
সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায় প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “এতে দোষের কিছু নেই। কিন্তু সাংবাদিক দেখে কর্মকর্তাদের মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।”
বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। তবে গোয়েন্দা সংস্থাটির নাম তিনি বলেননি।
তিনি বলেন, “সঠিক তথ্য বের করার জন্য সংশ্লিষ্টরাও বিষয়টি খতিয়ে দেখছেন।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরও দুই কমিশনার নিয়োগের এখতিয়ার তত্ত্ববধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের হাতে।
তিনি আরো বলেন, “সবার কাছে গ্রহনযোগ্য দুই ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছি। আজ (রোববার) রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে তাঁকে বিষয়টি আবার মনে করিয়ে দেবো।”
আরেক প্রশ্নের উত্তরে হাসান মশহুদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখন যতটা দ্রুত কাজ করছে, এখন তার চেয়ে বেশি দ্রুত কাজ করা উচিত।”
রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, দলগুলোর উচিত এখন নির্বাচনীমুখী হওয়া। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসান মশহুদ।
