৩০১ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটের যাত্রা শুরু
৩০১ জন যাত্রী নিয়ে রোববার সকালে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আজিজুল হক বিমান ফ্লাইটের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও ধর্ম বিষয়ক উপদেষ্টা মাহবুবুল আলম ।
এ বছর ৪৮,০০০ বাংলাদেশী হজ করবেন। এদের মধ্যে ৩২,৩৫৪ জনকে বাংলাদেশ বিমান সৌদি আরবে পৌঁছে দেবে। বাকিদের সৌদি আরবের সৌদিয়া বিমান নিয়ে যাবে।
ডিসেম্বরের ২২ তারিখের মধ্যে বাংলাদেশ বিমান ২০০৭ সালে হজ পালনে আগ্রহীদের সৌদি আরবে পৌঁছে দেবে। হজ পালন শেষে জানুয়ারির ৩ তারিখ থেকে ফেব্রুয়ারির ১ তারিখ এর মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।
