২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চোরাচালানী ও ব্যবসায়ীদের সংঘর্ষ

রাজশাহীর মতিহার থানার দুই গ্রামের মানুষের মধ্যে শনিবার দিনভর সংঘর্ষ, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ফেনসিডিল চোরাচালানে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও পুলিশ বলেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে ২০ জন।

এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পরও চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মতিহার থানার চৌমুহনী বাজারে একদল মাদক চোরাকারবারী রাতে ট্রাকে ফেনসিডিল বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে চালান দিয়ে আসছে। কয়েকদিন আগে চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহিদুর রহমান তাদের এ কাজে সরাসরি বাধা দেন।

জাহিদুর রহমান জানান, বাজারের ওপর ট্রাক রেখে ফেনসিডিল বোঝাই করার সময় তাদের বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার কুখ্যাত মাদক চোরাকারবারী টাঙ্গনের মনিরুল, জিয়ারুল, উকিল, ডাকু সহ ১০/১২ জন সন্ত্রাসী শুক্রবার রাত ৮ টার দিকে টাঙ্গন-চৌমুহনী সড়কের মাঝখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে কাটাখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র আহত জাহিদুরকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার ওপরও চড়াও হয়। তাদের দুজনকেই শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাজারের পুর্ব দিকে চককাপাসিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মুকুল মেম্বার ও বাবলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী জাহিদুর রহমানের পক্ষের দুই গরু ব্যবসায়ী নকির ও মিজানের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে।

এ ঘটনার পর পরই সকাল ৯ টার দিকে চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের নেতৃত্বে সন্ত্রাসীরা চৌমুহনী বাজারে আব্দুল মোমিন ও মনিরুলের কাপড়ের দোকানসহ মঞ্জুর, কোরবান ও দুলুর মুদি দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

ব্যবসায়ী আব্দুল মোমিন জানান, তার দোকান থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এ ছাড়া দোকানপাট ভাংচুরে ক্ষতি হয়েছে আরও ১০ লক্ষাধিক টাকার।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার প্রতিশোধ নিতে ব্যবসায়ীদের পক্ষের লোকজন সকাল সাড়ে ১০টার দিকে সংগঠিত হয়ে মাদক ব্যবসায়ীদের মালিকানাধীন কোরবানসহ ছয় ব্যক্তির ২০ বিঘার আখ ক্ষেতে অগ্নিসংযোগ করে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো জমির আখ পুড়ে ছাই হয়ে যায়।

সকাল সাড়ে ১০টা থেকে ব্যবসায়ীদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ চলে। উভয়পক্ষই এসময় লাঠিসোটা, কিরিচ, বল্লম, হাসুয়াসহ ধারালো অস্ত্র ব্যবহার করে।

সকাল থেকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও পুলিশকে কার্যত নিষ্ক্রিয় দেখা যায় বলে এলাকাবাসী অভিযোগ করে। বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নকির, মিজান, আব্দুল হাই, মোস্তাকিন, দুলাল, মনির, শাহজালাল, জেবর আলি ও মোন্তাজ আলিকে।

এদিকে এই সংঘর্ষের পর মাদক ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রিত এলাকা টাঙ্গন ও চককাপাসিয়ায় প্রতিপক্ষের লোকজনকে আটকের জন্য টহল অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে মতিহার থানার ওসি আহম্মদ আলি দাবি করেছেন, ফেনসিডিল ব্যবসা নয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।