২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড শনিবার

আবারও পোলিওমুক্ত করতে ১৪তম জাতীয় টিকা দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ নভেম্বর কর্মসূচির প্রথম রাউন্ড এবং ২৩ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড পালন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দেশের ৫ বছরের কম বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। প্রথম রাউন্ডে পোলিও টিকা ছাড়াও ১ থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল এবং ২ থেকে ৫ বছরের কম সয়সী শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে এক বিবৃতিতে শুক্রবার বলা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক (এ্যামিরেটাস) সুফিয়া রহমান মহাখালি ইপিআই ভবনে কয়েকজন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অতীত সফলতার উপর ভিত্তি করে আবারও বাংলাদেশকে পোলিও মুক্ত করতে হবে। ১৪তম জাতীয় টিকা দিবসে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, টিকা দিবসে কেন্দ্রে টিকা খাওয়ানো ছাড়াও পরবর্তী ৪দিন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুকে টিকা খাওয়ানোর ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দুয়াংবেদী সংখোবল, ইউনিসেফ-বাংলাদেশ প্রতিনিধি লুইস জর্জ আর্সেনাল্ট, রোটারি ইন্টারন্যাশনালের পোলিও প্লাস কর্মসূচির চেয়ারম্যান ইফতেখারুল আলম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ইউএইচ ফরিদা খাতুন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার পরিচালক ডা. শুকুর উদ্দিন মৃধা।